মিষ্টির শূন্য আসনে এমপি হতে চান বিএনপির ৬৮ নেত্রী

✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎

বিএনপি নেত্রী ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে (আসন-২৩) এমপি হতে চান দলটির ৬৮ জন নেত্রী।

শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন তারা।

এই শূন্য আসনে দলীয় মনোনয়ন পেতে গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ৭০ জন নেত্রী মনোনয়ন ফরম নিয়েছিলেন। এর মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আয়েশা সিদ্দিকা মানীসহ সাবেক সংসদ সদস্য, দলের কেন্দ্রীয় নেত্রী এবং জেলা ও মহানগর পর্যায়ের সংগঠকরা রয়েছেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) তারিকুল আলম তেনজিং জানান, ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেতে ৭০ জন নেত্রী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। আজ (শনিবার) ছিল ফরম জমা দেওয়ার শেষ দিন। বিকাল পর্যন্ত ৬৮ জন ফরম জমা দিয়েছেন।

আগামী দুই-একদিনের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে গঠিত পার্লামেন্টারি বোর্ডে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে। সংসদে যুক্তিতর্ক দিয়ে গুছিয়ে কথা বলতে পারবেন এবং প্রতিপক্ষের বক্তব্যকে যুক্তিসহ খণ্ডন করতে পারবেন—এমন যোগ্য প্রার্থীকে খুঁজছে বিএনপি। এ ক্ষেত্রে অভিজ্ঞ, রাজপথের ত্যাগী এবং বিতর্কমুক্ত ইমেজকে অগ্রাধিকার দেওয়া হবে।

এর আগে গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপ্রত্যাশীরা ফরম সংগ্রহ করেন। প্রতিটি ফরমের মূল্য ছিল ৫ হাজার টাকা। পূরণ করা ফরম জমা দেওয়ার সময় প্রত্যেক প্রার্থীকে জামানত হিসেবে ৫০ হাজার টাকা দিতে হয়েছে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (রাড্ডা ক্লিনিক) লুটপাট, ভাঙচুর ও দখলচেষ্টার ঘটনায় নাম জড়ানোর পর ১ অক্টোবর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। তাঁর পদত্যাগের দিনই সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা করা হয়।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *