✍︎ নাগরিক নিউজ ডেস্ক ✍︎
ভারতের রাজধানী নয়াদিল্লিতে কড়া নিরাপত্তা জারি থাকা সত্ত্বেও বিক্ষোভের প্রস্তুতি নিয়েছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তবে তার আগেই সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করা হয়েছে। এরপর আটক করা হয়েছে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরাসহ একাধিক নেতা-কর্মীকে।
বিকেলে সিজেপি নেতা অভিজিৎ দীপকে দিল্লির ঝান্ডেওয়ালানে তাঁর বাড়ি থেকে বের হয়ে কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ‘লেহরা দো তিরঙ্গা’ (জাতীয় পতাকা ওড়াও) কর্মসূচিতে যোগের প্রস্তুতি নিচ্ছিলেন। তবে এর আগেই পুলিশ তাঁকে আটক করে। অন্যদিকে আইসা নেত্রী নেহা বোরা মান্ডি হাউসের কাছ থেকে মিছিল শুরু করার পরপরই পুলিশ তাঁকে আটক করে। এরপর তাঁকে একটি ‘অজ্ঞাত স্থানে’ নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেছে তাঁর দলের নেতা-কর্মীরা।
গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার সকালে দিল্লি পুলিশের এক কর্মকর্তা করোল বাগ এলাকায় অভিজিৎ দীপকের বর্তমান বাড়িতে গিয়ে একটি নোটিশ দেন। নোটিশে বিকেল ৫টায় কনট প্লেসের সেন্ট্রাল পার্কে নির্ধারিত ‘তিরঙ্গা পদযাত্রা’ বাতিল করার নির্দেশ দেওয়া হয়। তবে দীপকে পদযাত্রা বাতিলের প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
এর আগে যন্তর মন্তরে ঢুকে জাতীয় পতাকা ওড়ানো ও প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে স্লোগান দেওয়ার অভিযোগে সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে গ্রেফতার করে ৫ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠায় পুলিশ। সেই গ্রেফতারের প্রতিবাদ জানাতেই আজ এই ‘তিরঙ্গা মার্চ’-এর ডাক দেওয়া হয়েছিল।
সম্প্রতি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি কমিটির সুপারিশ এবং ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চের মৌখিক পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে দিল্লি পুলিশ শত বছরের ঐতিহ্যবাহী যন্তর মন্তরে সব ধরনের মিছিল-বিক্ষোভ নিষিদ্ধ করে দেয়। এর পরিবর্তে রামলীলা ময়দান, বুরারি গ্রাউন্ড এবং সিবিডি গ্রাউন্ডকে আন্দোলনের বিকল্প স্থান হিসেবে নির্ধারণ করা হয়। তবে সিজেপি নেতাদের দাবি, সংসদ ভবন ও সুপ্রিম কোর্ট সংলগ্ন মধ্য দিল্লি থেকে বিক্ষোভকারীদের দূরে সরিয়ে জনদাবিকে ধামাচাপা দিতেই সরকার এই পদক্ষেপ নিয়েছে।
