✍︎ নাগরিক প্রতিবেদন ✍︎
দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবেদনের বিষয়টিকে ‘চরম হাস্যকর’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না। বরং প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে চায় সরকার।
সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, ‘তিনি (শেখ হাসিনা) পালিয়ে গেছেন। এখন নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফেরার নাটক করার কোনো সুযোগ নেই। তিনি যদি সত্যিই দেশে ফিরতে চান, তাহলে তার সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি আছে। তিনি ভারত সরকারকে বলুন, সেই চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে। তিনি এসে আদালতে আত্মসমর্পণ করে সাজা ভোগ করুন।’
দিল্লির বাংলাদেশ হাইকমিশনে যুক্তরাজ্যের আইনি পরামর্শক সংস্থা ম্যাট্রিক্স চেম্বার্স শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির জন্য ই-মেইলে আবেদন করেছে। জানা গেছে, দিল্লির বাংলাদেশ মিশন থেকে ওই ই-মেইল পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
তবে ঢাকার কয়েকটি কূটনৈতিক সূত্র বলছে, আবেদনটি যে শেখ হাসিনার পক্ষ থেকে করা হয়েছে, তা নিশ্চিত হওয়ার কোনো উপায় নেই। কারণ, আইনজীবী প্রতিষ্ঠানটির পাঠানো ই-মেইলে শেখ হাসিনার অনুমোদন বা ‘অথরাইজেশন’ সংক্রান্ত কোনো নথি কিংবা প্রমাণপত্র ছিল না। কারও পক্ষে কোনো প্রতিষ্ঠান আবেদন করলে সংশ্লিষ্ট ব্যক্তির অনুমোদনপত্র থাকার কথা।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাজ্যের আইনি পরামর্শক সংস্থাটির আবেদনের ভিত্তিকে আইনগত, নৈতিক ও চারিত্রিক দিক থেকে দুর্বল বলে মন্তব্য করেন। তিনি বলেন, যেকোনো ল’ ফার্মেরই জানা উচিত, তাদের মক্কেল বা ক্লায়েন্ট আসলে কে। তাদের ক্লায়েন্ট এমন একজন ব্যক্তি, যিনি দেড় হাজারের বেশি মানুষকে হত্যা করে বাংলাদেশ থেকে পালিয়েছেন।
বাংলাদেশের জনগণের কাছ থেকে লুট করা রক্তমাখা টাকার পেছনে না ছুটে সংশ্লিষ্টদের কিছুটা নৈতিক ও পেশাগত সীমারেখা মেনে চলা উচিত বলেও মন্তব্য করেন তিনি। একজন পলাতক সন্ত্রাসীর পক্ষে এমন অনৈতিক প্রতিনিধিত্ব আন্তর্জাতিক অঙ্গনে ওই আইনজীবী প্রতিষ্ঠানকেই লজ্জিত করবে বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি আরও বলেন, পলাতক অপরাধীদের ক্ষেত্রে সাধারণ পাসপোর্টের কোনো আবেদন কার্যকর হবে না। আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।
এদিকে, শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়েছেন বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। হাতে আসা একটি চিঠির বরাত দিয়ে সংবাদমাধ্যমটি এ খবর প্রকাশ করেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে যাওয়ার পর এই প্রথম এ ধরনের আবেদন করলেন শেখ হাসিনা। ভারতে স্বেচ্ছানির্বাসনে থাকা শেখ হাসিনার এ পদক্ষেপকে বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নের সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর।
