পতিত স্বৈরাচার আর ফিরে আসতে পারবে না

✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎

বাংলাদেশের মাটিতে আর কোনো পতিত স্বৈরাচারী বা ফ্যাসিবাদী শক্তিকে ফিরে আসতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয় ঐক্য রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ ১৬ থেকে ১৭ বছর দেশে আলেম-ওলামাদের ওপর নির্যাতন ও ইসলামবিদ্বেষী কর্মকাণ্ড চালানো হয়েছে। বায়তুল মোকাররম মসজিদে মুসল্লিদের রক্ত ঝরেছে। শাপলা চত্বরে মাদ্রাসার শিক্ষার্থী ও আলেমদের হত্যার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নিহত ব্যক্তিদের প্রকৃত সংখ্যা ও পরিচয় এখনো পুরোপুরি নিরূপণ করা সম্ভব হয়নি।

শুক্রবার বিকেল সাড়ে চারটায় মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার জামিআ ইসলামিয়া হালিমিয়া মধুপুর মাদ্রাসার ৫৩তম বার্ষিক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খতমে নবুওয়ত সম্মেলনে উত্থাপিত দাবিগুলো আইনানুগভাবে এবং সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

দেশের চলমান পরিস্থিতি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, একটি অপশক্তি সীমান্তের ওপার থেকে অডিও-ভিডিও বার্তার মাধ্যমে দেশে অস্থিতিশীলতা ও অগ্নিসন্ত্রাস সৃষ্টির উসকানি দিচ্ছে। গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার, কালিয়াকৈর ও আশুলিয়াসহ বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। এসব অপচেষ্টা আইনানুগভাবে, শান্তিপূর্ণ উপায়ে ও ধৈর্যের সঙ্গে মোকাবিলা করা হবে।

তিনি আরও বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। শ্রমিকদের শান্তিপূর্ণভাবে দাবি-দাওয়া আদায়ের সুযোগ রয়েছে। তবে কিছু দুষ্কৃতকারী শ্রমিকদের নাম ব্যবহার করে শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য ও গণতান্ত্রিক বিতর্ক থাকবে। তবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয় ঐক্য রক্ষার প্রশ্নে সবাইকে এক থাকতে হবে। ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক ঐক্য আরও সুদৃঢ় করতে হবে।

মাহফিলে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের সভাপতি আব্দুল হামীদ পীর সাহেব মধুপুর।

আনুষ্ঠানে মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল্লাহ, মধুপুর ইসলামিয়া হালীমিয়া মধুপুর মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক আলহাজ মাওলানা আব্দুল হামিদ, চাঁদপুর কুচুয়া উজানীর পীরসাহেব মাওলানা এহতেরামুল হক, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী স্থানীয় আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *