✍︎ নাগরিক প্রতিবেদন ✍︎
দেশের বাজারে গত এপ্রিল থেকে এখন পর্যন্ত দুই দফায় বেড়েছে জ্বালানি তেলের দাম। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে অকটেনের দাম। এপ্রিলের আগের দামের তুলনায় বর্তমানে প্রতি লিটার অকটেনের দাম বেড়েছে ৪৫ টাকা। পেট্রোলের দাম বেড়েছে ৪৪ টাকা, কেরোসিন ৪৩ টাকা এবং ডিজেলের দাম বেড়েছে ৩৫ টাকা। অর্থাৎ ৫ মাসে তেলের দাম বেড়েছে সর্বোচ্চ ৪৫ টাকা পর্যন্ত।
এপ্রিলের আগে প্রতি লিটার ডিজেল বিক্রি হতো ১০০ টাকা। ১৮ এপ্রিলের পর এর দাম বাড়িয়ে ১১৫ টাকা করা হয়। এরপর কয়েক মাস ডিজেলের দাম অপরিবর্তিত থাকলেও ২১ সেপ্টেম্বর থেকে আবার ২০ টাকা বাড়িয়ে প্রতি লিটার ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে এপ্রিলের আগের তুলনায় ডিজেলের দাম বেড়েছে মোট ৩৫ টাকা।
কেরোসিনের দাম এপ্রিলের আগে ছিল প্রতি লিটার ১১২ টাকা। ১৮ এপ্রিল দাম বাড়িয়ে ১৩০ টাকা করা হয়। এরপর জুনে আরও ৫ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়। সর্বশেষ ২১ সেপ্টেম্বর থেকে আরও ২০ টাকা বাড়িয়ে কেরোসিনের দাম করা হয়েছে ১৫৫ টাকা। অর্থাৎ এপ্রিলের আগের দামের তুলনায় কেরোসিনের দাম বেড়েছে মোট ৪৩ টাকা।
পেট্রোলের দাম এপ্রিলের আগে ছিল প্রতি লিটার ১১৬ টাকা। ১৮ এপ্রিল দাম বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়। জুনে আরও ৫ টাকা বাড়িয়ে দাম করা হয় ১৪০ টাকা। সর্বশেষ ২১ সেপ্টেম্বর থেকে ২০ টাকা বাড়িয়ে প্রতি লিটার পেট্রোলের দাম নির্ধারণ করা হয়েছে ১৬০ টাকা। এতে এপ্রিলের আগের তুলনায় পেট্রোলের দাম বেড়েছে ৪৪ টাকা।
অকটেনের দাম এপ্রিলের আগে ছিল প্রতি লিটার ১২০ টাকা। ১৮ এপ্রিল দাম বাড়িয়ে ১৪০ টাকা করা হয়। এরপর জুনে আরও ৫ টাকা বাড়িয়ে ১৪৫ টাকা করা হয়। সর্বশেষ ২১ সেপ্টেম্বর থেকে ২০ টাকা বাড়িয়ে অকটেনের দাম করা হয়েছে ১৬৫ টাকা। ফলে এপ্রিলের আগের তুলনায় প্রতি লিটার অকটেনের দাম বেড়েছে ৪৫ টাকা।
সব মিলিয়ে এপ্রিল থেকে এখন পর্যন্ত ৫ মাসে ডিজেলের দাম বেড়েছে ৩৫ টাকা, কেরোসিন ৪৩ টাকা, পেট্রোল ৪৪ টাকা এবং অকটেনের দাম বেড়েছে ৪৫ টাকা।
