এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফলাফল ডিসেম্বরে

✍︎ নাগরিক প্রতিবেদন ✍︎

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ, উত্তরপত্র মূল্যায়ন ও ফলাফল প্রকাশের কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা করা হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার (৩ নভেম্বর) থেকে সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু হতে পারে। প্রায় এক সপ্তাহ ফরম পূরণের সুযোগ দেওয়ার পর আগামী ২ ডিসেম্বর পরীক্ষা আয়োজনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

সোমবার এ তথ্য জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, এক বা দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ, উত্তরপত্র মূল্যায়ন ও ফল প্রকাশের কাজ ২ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করার একটি খসড়া রোডম্যাপ তৈরি করা হয়েছে। এটি অনুমোদন পেলে নির্ধারিত সময়ের মধ্যে পুরো কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে।

যেসব শিক্ষার্থী এক বা দুই বিষয়ে পুনঃপরীক্ষায় অংশ নেবে, তাদের সনদে কী উল্লেখ থাকবে—এমন প্রশ্নের জবাবে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, এসব পরীক্ষার্থীর ফলাফল নতুন করে প্রকাশ করা হবে। আগের পরীক্ষায় যেসব বিষয়ে তারা উত্তীর্ণ হয়েছে, সেসব বিষয়ের ফল বহাল থাকবে। শুধু নতুন পরীক্ষায় অর্জিত ফল আগের ফলের সঙ্গে যুক্ত হবে।

এক বা দুই বিষয়ে পরীক্ষা নেওয়ার কর্মপরিকল্পনা কবে নাগাদ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে—এমন প্রশ্নে চেয়ারম্যান জানান, ৪ নভেম্বর কর্মপরিকল্পনাটি প্রকাশের কথা রয়েছে।

এদিকে, এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ চলবে ৭ নভেম্বর পর্যন্ত। ২৭ নভেম্বর পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে।

ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা এক মাসের মধ্যে নেওয়া হবে।

বর্তমানে এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় কোনো পরীক্ষার্থী এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে তাকে পরের বছর আবার পরীক্ষায় অংশ নিতে হয়। সে ক্ষেত্রে শুধু অকৃতকার্য বিষয়গুলোতে অথবা চাইলে সব বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে।

এবার এক বিষয়ে অকৃতকার্য হয়েছে ২ লাখ ৯৮ হাজার ৪০ জন শিক্ষার্থী। আর দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন। সব মিলিয়ে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন। এ ছাড়া সব মিলিয়ে মোট অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *