গঙ্গার পানিবণ্টন চুক্তি: ঢাকায় ভারতের প্রতিনিধিদল

✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎ 

গঙ্গার পানিবণ্টন চুক্তির আওতায় গঠিত যৌথ কমিটির বৈঠকে যোগ দিতে ভারতের চার সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশে এসেছে। শুক্রবার (২০ নভেম্বর) প্রতিনিধিদলটি ঢাকার উদ্দেশে রওনা হয়। শনিবার থেকে শুরু হওয়া এই বৈঠক চলবে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত।

ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) প্রধান শরদ চন্দ্রের নেতৃত্বে এই প্রতিনিধিদলটি এমন এক সময়ে ঢাকা সফর করছে, যখন ঐতিহাসিক ৩০ বছর মেয়াদি গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। আগামী ১২ ডিসেম্বর চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।

তবে সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলেছে, বিদ্যমান চুক্তির মেয়াদ বাড়ানো বা নবায়নের বিষয়ে আলোচনা করার কোনো এখতিয়ার (ম্যান্ডেট) সফররত এই কারিগরি কমিটির নেই। এই বৈঠকে মূলত চুক্তির আওতায় নদীর পানিবণ্টন ও প্রবাহ পর্যবেক্ষণের নিয়মিত বিষয়গুলো নিয়েই আলোচনা হবে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে যে, চুক্তিটির নবায়ন, অন্তর্বর্তীকালীন মেয়াদ বৃদ্ধি কিংবা এর শর্তাবলি কী হবে—সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি সম্পূর্ণভাবে দুই দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের ওপর নির্ভর করছে।

এদিকে বাংলাদেশের পক্ষ থেকে ইতিপূর্বে জানানো হয়েছে, ১৯৯৬ সালে স্বাক্ষরিত বিদ্যমান চুক্তিটি হুবহু নবায়ন করার পরিবর্তে ঢাকা ভারতের সঙ্গে একটি নতুন চুক্তি নিয়ে আলোচনা করতে চায়। বিশেষ করে শুষ্ক মৌসুমে (ড্রাই সিজন) বাংলাদেশের প্রয়োজনীয় পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে নতুন চুক্তিতে সুনির্দিষ্ট গ্যারান্টি ক্লজ বা সুরক্ষা ধারা যুক্ত করার দাবি জানিয়ে আসছে বাংলাদেশ।

দুই দেশের মধ্যকার অভিন্ন নদীর পানিবণ্টন ও ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিনের আলোচনার প্রেক্ষাপটে ডিসেম্বরে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে এই কারিগরি বৈঠকটি বিশেষ গুরুত্ব বহন করছে।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *