✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎
হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা ১ হাজার ২০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ২০১ জনের মৃত্যু হয়েছে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাব তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ২ লাখ ১৪ হাজার ৫৫১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ৩০৭ জনের। একই সময়ে পরীক্ষায় ৩৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ১৫৭ জনের।
হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪৯৩ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৯৩ জন।
এছাড়া চট্টগ্রামে ১০১, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮৪, বরিশালে ৬৫, খুলনায় ৫১ ও রংপুর বিভাগে ১৭ জন মারা গেছে।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জায়গায় এক হাজার ৩০৭ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসে। তাদের মধ্যে এক হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এই সময়ে নমুনা পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ৩৫ জনের।
হামের উপসর্গ নিয়ে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৫১ জন, চট্টগ্রামে ২৭৬, সিলেটে ১৩২, বরিশালে ১২০, খুলনায় ৭৩, ময়মনসিংহ ৬৯, রাজশাহীতে ৪৪ ও রংপুরে ১৪ জন।
গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে যাওয়া রোগীর সংখ্যা ও মৃত্যুর হিসাব রাখছে স্বাস্থ্য অধিদপ্তর।
তখন থেকে এ পর্যন্ত ২ লাখ ১৪ হাজার ৫৫১ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে গেছে। তাদের মধ্যে ১ লাখ ৯০ হাজার ৬৬৩ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। আর তাদের মধ্যে ১ লাখ ৮৩ হাজার ৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
যারা উপসর্গ নিয়ে হাসপাতালে গেছেন, তাদের মধ্যে ২৩ হাজার ১৫৭ জনের ক্ষেত্রে নমুনা পরীক্ষা করে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।
