✍︎ নাগরিক প্রতিবেদন ✍︎
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর তার কক্ষ থেকে বেশ কয়েকটি হাতে লেখা চিরকুট জব্দ করেছে পুলিশ। জাতীয় সংসদের প্যাড ও সাদা কাগজে লাল-কালো কালিতে লেখা এসব চিরকুটে বিশ্বাসভঙ্গ, প্রতারণা, আক্ষেপ ও মানসিক নির্যাতনের অভিযোগের ইঙ্গিত পাওয়া গেছে।
জাতীয় সংসদের অফিসিয়াল প্যাডে কালো কালিতে লেখা একটি অংশে বিশ্বাসভঙ্গের আক্ষেপ প্রকাশ করা হয়েছে। সেখানে লেখা-
‘আমি অতি বিশ্বাস করে যুদ্ধে নেমেছিলাম তার সাথে, কিন্তু জিততে পারিনি, হেরে গেলাম ময়দানে। জিতবই বা কেমনে, যুদ্ধের শেষ প্রান্তে এসে দেখি তুমিই তো ছিলে বিপক্ষ দলের সেনাপতি।’
অন্য একটি সাদা পাতায় সম্পর্কের সামাজিক বৈধতা ও সীমাবদ্ধতা নিয়ে লেখা হয়েছে-
‘সে ছিল অন্য নারীর স্বামী- কাগজে-কলমে অধিকার ছিল তার বউ এর। আর আমি ছিলাম বোকা…!!! অন্য কারো স্বামীকে বানিয়েছিলাম নিজের শখের পুরুষ…!!!
# কাউকে অর্ধেক পাওয়ার চেয়ে হারিয়ে ফেলা বেশি সম্মানের…কারণ… ভালোবাসা কখনোই ভাগ করে …নেওয়ার বিষয় নয়… ভালোবাসা হয় সম্পূর্ণ, না হয় অপূর্ণ!’
আস্থাভঙ্গের অভিযোগ তুলে অপর একটি পাতায় লেখা হয়েছে-
‘সে বলেছিল- আজ থেকে আমরা বন্ধু, চলো একটা গেমস খেলি। আমিও সরল মনে বিশ্বাস করে রাজি হয়েছিলাম। কিন্তু কে জানত আমিই ছিলাম তার গেমের দাবার গুটি।’
জাতীয় সংসদের প্যাডে লেখা আরেকটি পাতায় ক্ষোভের পাশাপাশি সতর্কবার্তাও দেওয়া হয়েছে। সেখানে লেখা-
‘আমি হেরেছি, তুমি জিতেছো। কারণ, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম বলেই তো ঠকিয়ে জিততে পেরেছো। আমি ধ্বংসের শেষে দাঁড়িয়েও মুখে হাসি রেখেছি- ভেবে নাও, এই হাসির কারণই হবে তোমার ধ্বংসের কারণ।’
লাল কালিতে লেখা একটি সংক্ষিপ্ত নোটে আত্মমর্যাদার সুর স্পষ্ট। সেখানে বলা হয়েছে-
‘শুধু মায়ায় পড়েছি বলে বারবার তোমার কাছে নত হই…. তা না হলে যতটা সস্তা ভাবছো, ততটা সস্তা আমি নই’
চিঠির সঙ্গে ধর্মীয় আমলের পাতাও উদ্ধার
আবেগ ও ক্ষোভের এসব লেখার পাশাপাশি ‘১২-০৭-২০২৬’ তারিখ লেখা একটি আলাদা পাতাও উদ্ধার করা হয়েছে। ওই পাতায় ঘুমানোর আগে পাঠ করার জন্য ছয়টি ধর্মীয় আমল ও দোয়ার তালিকা রয়েছে। এতে কালেমা, বিভিন্ন দোয়া, আয়াতুল কুরসি এবং নির্দিষ্ট সংখ্যায় দরুদ শরিফ ও ইস্তিগফারের উল্লেখ রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উদ্ধার হওয়া এসব নথির হাতের লেখা ও বিষয়বস্তু গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।
