✍︎ নারায়ণগঞ্জ প্রতিনিধি ✍︎
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক কারবারের প্রতিবাদ করায় আবুল কালাম নামের এক পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার পর তার পায়ের রগ কেটে দিয়েছে স্থানীয় কয়েকজন মাদক কারবারিরা।
স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সূত্রে জানা যায়, পুলিশ কনস্টেবল আবুল কালামের বাড়ি মাসাবো এলাকায়। তিনি কিশোরগঞ্জ জেলা পুলিশের সদস্য হিসেবে চাকরি করে আসছেন।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আবুল কালামকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) ভর্তি করা হয়।
আবুল কালাম দীর্ঘদিন ধরে উত্তর মাসাবো এলাকায় মাদক কারবারের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছিলেন। সম্প্রতি শাহাদাত ও এমদাদুল নামের স্থানীয় দুই ব্যক্তিকে মাদক কারবারের অভিযোগে পুলিশে ধরিয়ে দেন তিনি। এরপর থেকে শাহাদাতের ছোট ভাই শাহজালাল তাকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে শাহজালাল ফোন করে কনস্টেবল আবুল কালামকে বাড়ি থেকে ডেকে নেন। পরে তাকে উত্তর মাসাবো এলাকার একটি নির্জন বিলে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকে ওত পেতে থাকা শাহজালালসহ ১০ থেকে ১৫ জনের একটি দল তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি পিটিয়ে হাত-পা ভেঙে দেন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার পায়ের রগ কেটে দেওয়া হয়।
আবুল কালামের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এ ঘটনায় অভিযুক্ত শাহজালাল, শাহাদাত ও এমদাদুলসহ অন্যরা এলাকা ছেড়ে চলে গেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। খুদেবার্তা পাঠিয়েও সাড়া মেলেনি।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানান, লিখিত অভিযোগ পেলে হামলাকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
