✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার দুই দিন পর প্রশাসনিক কারণ দেখিয়ে রাজধানীর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।
প্রত্যাহারের পর শনিবার মধ্যরাতে দায়িত্ব হস্তান্তর করে থানা ত্যাগ করেন তিনি।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টারের পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের সই করা কার্যালয় আদেশে তাকে প্রত্যাহারের তথ্য নিশ্চিত করা হয়।
ডিএমপির জারি করা ওই অফিস আদেশে জাহাঙ্গীর আলমকে কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করার কারণ হিসেবে ‘প্রশাসনিক কারণ’ উল্লেখ করা হলেও এর বিস্তারিত ব্যাখ্যা দেয়া হয়নি।
মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার রাতে দায়িত্ব হস্তান্তর করেছেন তিনি।
ঘটনাস্থলের মাত্র এক কিলোমিটারের মধ্যে শাহ আলী থানা অবস্থিত। সেখানে পুলিশের উপস্থিতিতে ভাঙচুর চালানো হয়েছে– এমন অভিযোগের বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, খবর পাওয়ার পর পুলিশ সময়মতো ঘটনাস্থলে পৌঁছেছিল কিনা এবং কারও কোনো অবহেলা বা গাফিলতি ছিল কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।
গণমাধ্যমে বিষয়টি ব্যাপক আলোচনায় আসার পর গতকাল বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ ও ডিএমপির মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এই ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের ছাড় দেওয়া হবে না।
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুরের ঘটনায় জড়িত এখন পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গ্রেফতার হওয়া চারজনের দেওয়া তথ্যের ভিত্তিতে লুট হওয়া মালপত্র উদ্ধার করা হয়েছে।
মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনায় পুলিশের গাফিলতি ছিল। স্বাস্থ্যকেন্দ্রটি থেকে এক কিলোমিটার দূরে শাহ আলী থানা অবস্থিত। গত বৃহস্পতিবার রাতে হামলার বিষয়ে পুলিশ জানতেন বলে অভিযোগ রয়েছে এবং পুলিশের উপস্থিতিতে হামলা ও ভাঙচুর চালানো হয়।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকা মহানগর উত্তরের যুবদলের সদস্যসচিব সাজ্জাদুল মিরাজ জানান, মিরপুর-১ মুক্তিযোদ্ধা মার্কেট পাশে ‘রাড্ডা’ এখন (ওই রাতে) দখল হচ্ছে, রাড্ডা কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউটের কাজ হলো মা ও শিশুর স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা, টিকাদান কর্মসূচি যাবতীয় সামাজিক ও মানবিক সেবা কার্যক্রম।
সেখানে মিরাজ বলেন, ‘প্রায় ৭০০ থেকে ৮০০ লোকজন রাত ১টা ৩০ মিনিটে মাথায় লাল কাপড় পরে দখল চালাচ্ছে এখনো (বৃহস্পতিবার)। শাহ আলী থানার ওসিকে এই বিষয়ে অবগত করেছি ১ ঘণ্টা আগে…. । পুলিশের সামনেই ভাঙচুর হচ্ছে, কোনো জবাব নেই। কত টাকার বিনিময়ে একটি মানবিক সেবার কার্যালয় ভেঙে ফেলার চুক্তি হয়েছে সবার কাছে তার জবাব দিতে হবে।’
