✍︎ ক্রীড়া প্রতিবেদক ✍︎
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১৮তম সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল।
অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত সভাপতি হলেন তামিম ইকবাল। মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে প্রথমে পরিচালক পদে বিপুল ভোটে জেতেন তামিম। এরপর পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হন সাবেক এই ক্রিকেটার।
যদিও সভাপতি নির্বাচনে ভোটের প্রয়োজন পড়েনি। কারণ তামিমই একমাত্র সভাপতি পদপ্রার্থী ছিলেন। এ কারণে তিনিই বিসিবির ১৮তম এবং নির্বাচিত ষষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন। সহসভাপতি হয়েছেন আপাতত একজন। তিনি ফাহিম সিনহা।
মিরপুরে রোববার (৭ জুন) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আট মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে বিসিবি নির্বাচন। সকাল ১০টায় শুরু হয়েছিল ভোটগ্রহণ। বিকেল ৪টায় শেষ হয় সেই কার্যক্রম। এরপর ফল গণনা শুরু হয়। সেই কার্যক্রম শেষ হয় সন্ধ্যা ৬টায়।
৭৪ ভোটের মধ্যে ৭৩টি পেয়ে বিসিবি পরিচালক হয়েছেন তামিম ইকবাল। পরিচালকদের ভোটে ১৭তম বিসিবি সভাপতি হয়েছেন দেশের সাবেক এই অধিনায়ক। সহসভাপতি হয়েছেন ফাহিম সিনহা। তামিম ওল্ড ডিওএইচএস ক্লাব থেকে কাউন্সিলর হয়েছিলেন। তামিমসহ ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন ১২ পরিচালক। অন্যরা হলেন ফাহিম সিনহা, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম, সাঈদ ইব্রাহীম, ইসরাফিল খসরু, শানিয়ান তানিম, ফয়সাল ইয়াসির, মির্জা ইয়াসির, রফিকুল ইসলাম, সাকিব আহমেদ ও ড. সরকার মাহবুব শামীম। এই ক্যাটাগরি থেকে হেরেছেন মেজর ইমরোজ আহমেদ (অব.), আমজাদ হোসেন, ফায়জুর মিতু ও বোরহানুল হোসেন পাপ্পু। আমজাদ ও মিতু আগের বোর্ডের পরিচালক ছিলেন।
তামিমদের অধীনে আজ অনুষ্ঠিত বিসিবি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আমেজ হারিয়েছে আগেই। ঈদের আগে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিন প্রার্থী। তখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আট পরিচালক। চট্টগ্রাম ও ঢাকা থেকে দুজন করে এবং রাজশাহী, রংপুর ও সিলেট থেকে একজন করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হয়েছেন। চট্টগ্রাম থেকে হয়েছেন বিসিবির সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। আর ক্যাটাগরি-৩ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন বিভাগের দায়িত্বপ্রাপ্ত ও সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। তিনি বিসিবির বর্তমান সভাপতি তামিমের ফুপা।
২৫ জনের মধ্যে দুজন আসবেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) প্রতিনিধি হিসেবে। অন্য ২৩ জনের মধ্যে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আটজন পরিচালক নির্বাচিত হয়েছেন। আজ ক্লাব ক্যাটাগরি থেকে হয়েছেন ১২ জন। অন্য তিনজন হয়েছেন খুলনা ও বরিশাল বিভাগ থেকে। মিজানুর রহমান বরিশাল বিভাগ থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন। তিনি বিপিএলের দল ফরচুন বরিশালের স্বত্বাধিকারী। খুলনা বিভাগ থেকে পরিচালক হয়েছেন শান্তনু ইসলাম ও শফিকুল আলম। এনএসসি থেকে হয়েছেন শেখ মোহাম্মদ রুহুল আমিন ও মোহাম্মদ সরফরাজ আহমেদ।
আট মাসের মধ্যে দুবার হচ্ছে বিসিবি নির্বাচন। গত বছরের অক্টোবরে আমিনুল ইসলাম বুলবুল হয়েছিলেন বিসিবি সভাপতি। সহসভাপতি হয়েছিলেন ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেন। গত ৭ এপ্রিল বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর তামিমকে করা হয়েছিল অ্যাডহক কমিটির প্রধান। এবার তিনিই হলেন বিসিবি সভাপতি।
বিসিবি পরিচালক হলেন যারা
ক্যাটাগরি-১
ঢাকা বিভাগ: সাইদ বিন জামান, এস এম আবদুল্লাহ আল ফুয়াদ
চট্টগ্রাম বিভাগ: মিনহাজুল আবেদীন, মঈন উদ্দিন চৌধুরী
খুলনা বিভাগ: শফিকুল আলম, শান্তনু ইসলাম
রাজশাহী বিভাগ: মীর শাকরুল আলম
রংপুর বিভাগ: মির্জা ফয়সল আমীন
সিলেট বিভাগ: আব্দুল কাইয়ুম চৌধুরী
বরিশাল বিভাগ: মিজানুর রহমান
ক্যাটাগরি – ২
তামিম ইকবাল, মাসুদুজ্জামান, ফাহিম সিনহা, আসিফ রব্বানী, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, রফিকুল ইসলাম, সরকার মাহবুব আহমেদ শামীম, শানিয়ান তানিম, সাঈদ ইব্রাহিম আহমেদ, সাকিফ আহমেদ
ক্যাটাগরি – ৩
সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর
