✍︎ মাদারীপুর প্রতিনিধি ✍︎
মাদারীপুর সদর উপজেলার আমিরাবাদে আত্মীয়ের বাসা থেকে স্বামী–স্ত্রী ও তাদের শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার গভীর রাতে আত্মীয়ের বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান এ তথ্য তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে রাত দেড়টার দিকে ঘটনাস্থলে যায় পুলিশ। চিন্ময় দাস নামের এক ব্যক্তির সঙ্গে তার ৬ থেকে ৮ মাস বয়সী শিশু সন্তানের মরদেহ রশিতে ঝুলতে দেখা গেছে। বিছানার পাশেই চিন্ময়ের স্ত্রী ইশা দাসের মরদেহ পড়ে ছিল। প্রাথমিকভাবে ধারণা করছি, স্ত্রীকে হত্যার পর চিন্ময় তার শিশু সন্তানকে নিয়ে আত্মহত্যা করেছেন।
চিন্ময় দাসের আত্মীয় ইতালি প্রবাসী যতীন বাড়ৈয়ের স্ত্রী মিষ্টি বাড়ৈয়ের বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মিষ্টিকে জিজ্ঞাসাবাদ করছি। তাকে থানায় আনা হয়েছে। তদন্ত চলছে। ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে- এটা হত্যা, না আত্মহত্যা।
পুলিশ সুপার বলেন, যে ঘরে মরদেহ পাওয়া গেছে, সেই ঘরের ভেতর থেকে ছিটকিনি লাগানো ছিল। তিনটি মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে রাখা হয়েছে।
আমিরাবাদে মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্তনা রানী চন্দের বাড়িতে প্রায় তিন বছর ধরে ভাড়া থাকতেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ৈয়ের স্ত্রী মিষ্টি বাড়ৈ। রোববার বিকেলে চাচাতো ভাই পরিচয়ে চিন্ময় দাস তার স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে ওই বাসায় আসেন। পরে রাত গভীর হলে মিষ্টি বাড়ৈয়ের ফোন পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে ঘরের দরজা ভেঙে শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
