✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎
রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন নিহত হয়েছেন। তাঁর বয়স আনুমানিক ৪২ বছর।
মঙ্গলবার রাত ৮টার দিকে নিউমার্কেট বটতলা শহীদ শাহনেওয়াজ হোস্টেলসংলগ্ন রাস্তায় এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় কয়েকজন শিক্ষার্থী তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসা পথচারী শিক্ষার্থী মো. মেজবাহ রহমান জানান, রাত ৮টার দিকে নিউমার্কেট বটতলা শাহনেওয়াজ হোস্টেলের সামনের রাস্তায় দুজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে ওই ব্যক্তিকে এলোপাতাড়ি গুলি করতে থাকে। তখন গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান ওই ব্যক্তি। একপর্যায়ে আশপাশের লোকজন মিলে তাদেরকে ধাওয়া দিলে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। যাওয়ার পথে লোকজনকে ভয় দেখানোর জন্য গুলি ছোড়ে। তারা দুজনই ক্যাপ ও মাস্ক পরা ছিল।
মেজবাহ রহমান আরও জানান, ওই ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে ঢামেকে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকার শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন সম্প্রতি কারামুক্ত হয়ে আবার আলোচনায় এসেছেন। ২০২৪ সালের আগস্টের পর জামিনে বেরিয়ে তিনি লাপাত্তা হন এবং এলিফ্যান্ট রোডসহ বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিতে লিপ্ত রয়েছেন বলে খবর পাওয়া গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই ব্যক্তির মাথাসহ শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে। মরদেহ মর্গে রাখা হয়েছে।
নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাদৎ হোসেন জানান, ‘গুলির ঘটনা শুনে হাসপাতালে আসি। তবে তিনি মারা গেছেন। তাঁর পরিচয়সহ বিস্তারিত ঘটনা জানার চেষ্টা চলছে।’
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।
