✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা ও আগুন দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা। মঙ্গলবার সন্ধ্যার পর তাঁরা মিছিল নিয়ে প্রথমে থানা ঘেরাও করার পরে থানায় হামলা করে থানা চত্বরে একাধিক গাড়িতে আগুন দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতা–কর্মীকে পুলিশ আটক করেছে এমন খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করা হয়। একপর্যায়ে তাঁরা টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন। পরে থানায় আগুন ধরিয়ে দেওয়া হয়।
থানায় হামলা ও আগুনের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দেখা যায়, টুঙ্গিপাড়া থানা চত্বরের ভেতরে অন্তত তিনটি গাড়িতে আগুন জ্বলছে। ভাঙচুরের শব্দও শোনা যাচ্ছে। একই সঙ্গে হামলাকারীরা ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিচ্ছেন। হামলাকারীদের হাতে লাটিসোঁটা দেখা যায়। কেউ কেউ মুঠোফোনে হামলা ও আগুন দেওয়ার দৃশ্য ধারণ করছিলেন।
আরেকটি ভিডিওতে এইচ এম রুবেল ফরাজী নামের এক ব্যক্তিকে ফেসবুক লাইভে বলতে শোনা যায়, ‘আমরা কিছু সময়ের মধ্যে থানা জ্বালিয়ে দেব।’ লাইভে তিনি আরও বলেন, পুলিশ তাঁদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছুড়েছে। তাঁরা আগুন জ্বালিয়ে সেই গ্যাস নিভানোর চেষ্টা করছেন। তাঁরা পিছু হটবেন না।
এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ আবু সুফিয়ান মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে মুঠোফোনে বলেন, টুঙ্গিপাড়া থানা দুর্বৃত্তরা ঘেরাও করে ফেলেছে— এই পর্যন্ত তাঁরা খবর পেয়েছেন। পরবর্তীতে কী হয়েছে সে বিষয়ে তাঁরা খোঁজখবর নিচ্ছেন।
টুঙ্গিপাড়া উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা এসকেন্দার শেখ বলেন, টুঙ্গিপাড়া থানা, চৌরঙ্গীর মোড় ও বাশবাড়িয়া এলাকায় কয়েকটি বাড়িতে আগুন দেওয়ার খবর তাঁরা পেয়েছেন। তবে নিরাপত্তার অভাবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যেতে পারছেন না। পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও নিরাপত্তা দেওয়া হলে তাঁরা ঘটনাস্থলে যেতে পারবেন।
এদিকে সংসদ সদস্য এস এম জিলানী ও টুঙ্গিপাড়া থানায় আগুনের খবর পেয়ে জেলা শহর থেকে বিপুল সংখ্যক পুলিশ-বিজিবি টুঙ্গিপাড়ার উদ্দেশ্য রওয়া হলে সদর উপজেলার খালেকবাজার নামক এলাকায় গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে তাদের গতিরোধ করেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশের অন্তত পাঁচটি গাড়িতে আগুন দেওয়া হয়।
এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো কর্মকর্তার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
