✍︎ নাগরিক প্রতিবেদন ✍︎
রাজধানীর ফার্মগেট এলাকার তেজগাঁও কলেজের মসজিদ থেকে উগ্রবাদী সংগঠনের সদস্য সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে কলেজের মসজিদে গোপনে বৈঠক করার সময় তাঁদের আটক করা হয়।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, মসজিদে একটি গোপন বৈঠক চলছে- এমন গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘ইফতেহাদুল আল ইসলাম’-এর সক্রিয় সদস্য বলে দাবি করেছেন ডিএমপির ঊর্ধ্বতন এক কর্মকর্তা।
তিনি বলেন, পুলিশের কাছে তথ্য এসেছিল যে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্যরা রাজধানীর একাধিক এলাকা থেকে এসে এই মসজিদেই একত্র হবেন। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় এবং তাদের আটক করা হয়েছে।
ওই কর্মকর্তা বলেন, আটক হওয়া ২৩ জন একই সংগঠনের সদস্য কি না, সে বিষয়ে এখনই নিশ্চিত হয়ে কিছু বলা যাচ্ছে না।
পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মূলত তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে।
আটকদের বিষয়ে যাচাই-বাছাই করতে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন বলে জানান তিনি।
তবে আটক ব্যক্তিদের পরিচয় ও তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ বিস্তারিত কিছু জানায়নি।
জঙ্গি সন্দেহে আটক ২৩ জনের মধ্যে এক যুবক দাবি করেছেন, একটি হোয়াটসঅ্যাপে গ্রুপের মাধ্যমে যোগাযোগের সূত্র ধরে তারা সেখানে জড়ো হয়েছিলেন।
শুক্রবার বিকালে আটক করার পর তেজগাঁও থানায় নিয়ে ওই ২৩ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।
পরে সন্ধ্যায় মিন্টো রোডে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কার্যালয়ে নিয়ে যাওয়ার সময় প্রিজন ভ্যান থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওই যুবক। জানতে চাইলে নিজের নাম বলেন শিহাব উদ্দীন।
তিনি বলেন, “একটি হোয়াটসঅ্যাপে গ্রুপের মাধ্যমে আমরা একত্রিত হয়েছিলাম মসজিদে। সেখানে বৈঠকে আমরা ব্যবসার বিষয় নিয়ে আলাপ করছিলাম।
“আজকে একত্রিত হওয়ার আগে আমরা একে অপরকে চিনতাম না। আমার পাশে যে দাঁড়ানো, তাকেও আমি চিনি না। আমরা কোনো নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত না। সে রকম কোনো প্ল্যাটফর্মের সঙ্গে আমাদের সম্পৃক্ততা নেই।”
ডিএমপির তেজগাঁও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, ‘তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
